দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহর বহুল আলোচিত গান ‘যে পাখি ঘর বোঝেনা’ ইউটিউবে ১০০ মিলিয়ন (১০ কোটি) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। এক দশক আগে প্রকাশিত গানটির এ অর্জন বাংলা গানের ডিজিটাল অঙ্গনে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের ব্যাপক সাড়া পায়। সময়ের সঙ্গে এর জনপ্রিয়তা কমেনি; বরং নতুন প্রজন্মের শ্রোতারাও গানটিকে সমানভাবে গ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়ে অবশেষে ১০০ মিলিয়ন ভিউয়ের ক্লাবে জায়গা করে নিয়েছে গানটি।
‘যে পাখি ঘর বোঝেনা’ গানের কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি। সংগীতায়োজন করেছেন তারিক আল ইসলাম। ধ্রুব গুহর কণ্ঠ, আবেগঘন কথা ও সুরের সমন্বয়ে গানটি দীর্ঘ সময় ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেক ও তারিন। পাশাপাশি ভিডিওতে ধ্রুব গুহর উপস্থিতিও দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। গল্পনির্ভর নির্মাণশৈলী ও নান্দনিক চিত্রায়ণের জন্য ভিডিওটি প্রকাশের পর থেকেই প্রশংসিত হয়।
এই অর্জন প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘এটি আমার সংগীতজীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। একটি গান যখন বছরের পর বছর ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকে, তার চেয়ে বড় প্রাপ্তি একজন শিল্পীর জন্য আর কিছু হতে পারে না। এই ভালোবাসার জন্য দেশের এবং বিশ্বের সব বাংলা ভাষাভাষী শ্রোতা-দর্শকের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে নতুন গান করার সাহস জোগায়। এই অর্জন শুধু আমার নয়, “যে পাখি ঘর বোঝেনা” গানটির সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের।’
বাংলা গানের ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গানের সংখ্যা এখনও তুলনামূলক কম। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’র অন্তর্ভুক্তি ধ্রুব গুহর সংগীতজীবনের নতুন অর্জনের পাশাপাশি সমসাময়িক বাংলা গানের বৈশ্বিক ডিজিটাল উপস্থিতিকেও আরও সমৃদ্ধ করেছে।
এমএম/